নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁ
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে জোয়ারের পানিতে আমির হোসেন (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। তার সঙ্গে থাকা অপর দুই বন্ধুকে স্থানীয় জেলেরা নদীর পানি থেকে উদ্ধার করেছেন।
শনিবার বিকেলে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শিউলি একরাম বাজার সংলগ্ন বোয়ালখালী ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আমির হোসেন উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলী আহমদ চৌকিদারের ছেলে। তিনি নিজ এলাকার সুবর্ণচরে রাজমিস্ত্রির কাজ করতেন।
আমির হোসনের জেঠাতো ভাই শামছু উদ্দিন জানান, শনিবার বিকেল চারটায় ১০-১২ জন বন্ধু মিলে চর জুবলি থেকে শিউলি একরাম বাজার সংলগ্ন বোয়ালখালী ঘাটে মেঘনা নদীর পাড়ে যান আমির হোসেন। নদীতে তখন ভাটা থাকায় তারা তিন বন্ধু পায়ে হেঁটে নদীর পাড় থেকে প্রায় ১০০ মিটার দূরে যান। এমন সময় জোয়ার এলে তারা তীরে ফিরতে না পেরে নদীর পানিতে ভেসে যান। এ সময় স্থানীয় জেলেরা দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আমির হোসেনের কোন খোঁজ পাননি।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আমির হোসেনের পরিবারের সদস্যরা নদীতে তার নিখোঁজের বিষয়টি আমাদেরকে জানান। আমরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি।
নোয়াখালীর পত্রিকা 










